1. CvmsfwEObVuZHF@gmail.com : CvmsfwEObVuZHF :
  2. live@www.prime-news24.online : - : - -
  3. info@www.prime-news24.online : - :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে শিয়া পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন মা-মেয়ে সিলেটে প্রবাসী নারীকে বাসা ছাড়ার হুমকি : পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জিডি ছাতকে যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ব্যাপক ভাঙচুর গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’: চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা! ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি : এআই কোর্সগুলোতে ব্যাপক সাড়া গোলাপগঞ্জে মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব! দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

কুলাউড়ায় ধানের শীষে ভোট না দেওয়ায় প্রবাসীর বাড়িতে যুবদল-ছাত্রদলের হামলা!

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নির্বাচনী সহিংসতা ও রাজনৈতিক অসহিষ্ণুতা চরম আকার ধারণ করেছে। জোরপূর্বক ভোট আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ২নং ভূকশিমইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে বর্বরোচিত সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ধানের শীষে ভোট দিতে অস্বীকৃতি জানানোয় সংঘটিত এই হামলায় প্রবাসীর বয়োবৃদ্ধ পিতা মো. ফয়জুর রহমানকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী ভুকশিমইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী তানভীর আহমেদের বাড়িতে ভোট চাইতে যান। প্রবাসী তানভীর আহমেদ ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং তাঁর পরিবারের সদস্যরা ঐতিহ্যগতভাবে জামায়াতে ইসলামীর আদর্শের অনুসারী। আদর্শগত ও রাজনৈতিক ভিন্নতার কারণে তানভীর আহমেদের পরিবারের সদস্যরা ধানের শীষে ভোট দিতে সরাসরি অস্বীকৃতি জানান।

এই অস্বীকৃতির পরই প্রচারণায় আসা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা পরিবারের সদস্যদের ওপর জোড়জবরদস্তি শুরু করেন এবং ধানের শীষে ভোট না দিলে সপরিবারে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে তাদের তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত যুবদল ও ছাত্রদল কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির জানালার কাচ ও ঘরের মূল্যবান আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে পুরো বাড়িতে এক ভীতিকর ধ্বংসযজ্ঞ চালায়।

বাড়িঘরে এমন পৈশাচিক ভাঙচুর ও তাণ্ডবের সময় প্রবাসী তানভীরের বয়োবৃদ্ধ পিতা মো. ফয়জুর রহমান সন্ত্রাসীদের বাধা দিতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসেন। তাঁর এই সাহসী প্রতিবাদে দুর্বৃত্তরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। তারা বৃদ্ধ মো. ফয়জুর রহমানকে মাটিতে ফেলে অমানসিকভাবে পেটাতে শুরু করে। লাঠি ও দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে তাঁর মাথা ফেটে যায় এবং শরীর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করার পর আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মো. ফয়জুর রহমানকে উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাঁর মাথায় ও শরীরে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের জরুরি পরামর্শে রাতেই তাঁকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নির্বাচনকে সামনে রেখে ভিন্নমতাবলম্বীদের ওপর এ ধরনের সশস্ত্র ও ন্যক্কারজনক হামলায় পুরো ভূকশিমইল ইউনিয়নজুড়ে থমথমে পরিস্থিতি ও চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট