
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময় হত্যা মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লন্ডন সিটি যুবদলের নেতা তানিম উদ্দিন পাটওয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্তে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে দলীয় এই কঠোর সিদ্ধান্তটি কার্যকর করেছেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল আবেদীন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
গণমাধ্যমে প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে যুবদলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, বহিস্কৃত কোনো নেতার ব্যক্তিগত, আইনি বা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কখনো বহন করবে না। একই সাথে, দেশের সকল পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের প্রতি সুস্পষ্ট সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়েছে- তারা যেন বহিষ্কৃত তানিম উদ্দিন পাটওয়ারীর সাথে কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এমন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে তৎকালীন স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে গড়ে ওঠা ছাত্র-জনতার তীব্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক নির্মম হত্যাকাণ্ডের সাথে তানিম উদ্দিন পাটওয়ারীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বর্তমানে সুনির্দিষ্ট দুটি হত্যা মামলা রয়েছে।
মামলা দুটির বিবরণী থেকে জানা যায়, প্রথম মামলাটি দায়ের করা হয়েছে ঢাকার আশুলিয়া থানায়। যার কেইস নাম্বার: ২৬ (৮) ২০২৪ এবং জি আর নং: ৫৪২/২০২৪। মামলাটি দণ্ডবিধির ৩০২/১০৯/৩৪ ধারায় রুজু করা হয়েছে, যা মূলত পরিকল্পিত হত্যা এবং অপরাধে সরাসরি সহযোগিতার নির্দেশক। দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর থানায়। এটি একটি সি আর (CR) কেইস, যার নাম্বার: ৫২১/২০২৪। এই মামলাটিও একই অর্থাৎ ৩০২/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, তানিম উদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা এই হত্যা মামলা দুটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন ও সুষ্ঠু বিচারের স্বার্থে বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মামলা দুটির নিবিড় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে, মামলার তদন্তের অংশ হিসেবে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে জোর তৎপরতা শুরু করেছে। স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তানিম উদ্দিন পাটওয়ারীকে গ্রেফতারের উদ্দেশ্যে ইতিমধ্যে কয়েক দফা তার বাড়িতে অভিযান চালিয়েছে। এই বহিষ্কারাদেশ এবং চলমান পুলিশি অভিযানের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।