
সিলেটে কখনও যুব মহিলা লীগ নেত্রী, আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে মহানগর যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের বিরুদ্ধে। সর্বশেষ বিএনপি নেত্রীর ব্যবসা প্রতিষ্টান সিলেট স্টেডিয়াম মার্কেটের ‘স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টার’-এ হানা দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্বপ্না ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক স্বপ্না বেগম জানান, গত ২১ এপ্রিল (মঙ্গলবার) রাত ৯:৩৪ মিনিটে ০১৬১৫৪৯৫১৫৫ নম্বর থেকে তাকে কল করা হয়। ফোনে লাকী আহমেদ নিজেকে সিলেট মহানগর বিএনপির নেত্রী এবং ‘দৈনিক যুগ যুগান্তর’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
“বিগত কয়েক মাস ধরে লাকী ও তার সহযোগী দুই ব্যক্তি আমার সেন্টারে বারবার এসে হয়রানি করছে। চাঁদা না দেওয়ায় তারা আমাকে প্রাণনাশের হুমকি এবং অপহরণের ভয় দেখাচ্ছে। তাদের যন্ত্রণায় ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
অনুসন্ধানে জানা গেছে, লাকী আহমেদ এক সময় সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ভোল পাল্টে তিনি রাতারাতি বিএনপি নেত্রী বনে যান।
লাকী নিজেকে ‘দৈনিক যুগ যুগান্তর’ ও ‘অভিযোগ বার্তা’ নামক ভুঁইফোড় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, লাকী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তারা বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দাপট দেখিয়ে বেড়ান। মূলত রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা সাধারণ মানুষকে হয়রানি করছেন।
দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, লাকী নামের তাদের কোনো সংবাদকর্মী নেই। তাদের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং চাঁদাবাজ চক্রটির দ্রুত গ্রেফতার দাবি করেছেন।