1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’: চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা! ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি : এআই কোর্সগুলোতে ব্যাপক সাড়া গোলাপগঞ্জে মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব! দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব!

সুনামগঞ্জে ধানের শীষে ভোট না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা!

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। ধানের শীষে ভোট দিতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাজ্য প্রবাসী এক ছাত্রলীগ নেতার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী। এ সময় বাধা দিতে গেলে ওই প্রবাসীর বড় ভাই গুরুতর জখম হন। বর্তমানে তাঁকে মুমূর্ষু অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর হাজীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা। প্রচারণার অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় তারা রসুলপুর হাজীবাড়ী গ্রামের মৃত মো. শফিক মিয়ার বাড়িতে যায়। মৃত শফিক মিয়ার ছেলে নাহিম আহমদ দুর্জয় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

ঘটনার সময় প্রচারণায় আসা নেতাকর্মীরা বাড়িতে অবস্থানরত পরিবারের সদস্যদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে। কিন্তু ওই পরিবারের সদস্যরা ধানের শীষে ভোট দিতে সরাসরি অস্বীকৃতি জানান। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা প্রতীকে তারা ভোট দেবেন না। এ কথা শোনার পরই ছাত্রদল ও যুবদলের কর্মীরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরিবারের সদস্যদের সাথে তাদের তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

তর্কাতর্কির একপর্যায়ে সংঘবদ্ধ নেতাকর্মীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ করে। এ সময় তারা ঘরের মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ব্যাপক ভাঙচুর করে। হামলা ও ভাঙচুরের এ বীভৎসতা দেখে নাহিম আহমদ দুর্জয়ের বড় ভাই আজমল আহমদ মিলন বাধা দিতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁর ওপরও মারাত্মকভাবে চড়াও হয়। হকিস্টিক ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানোর কারণে আজমল আহমদ মিলনের মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিতে লুটিয়ে পড়ার পরও হামলাকারীদের ক্ষোভ থামেনি। তারা মুমূর্ষু অবস্থায় আজমল আহমদ মিলনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এ সময় পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আজমল আহমদ মিলনকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

এ ন্যক্কারজনক হামলার বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘হামলার ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এসে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলেই পুলিশ দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসার জেরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার বাসায় এ ধরনের সশস্ত্র হামলা স্থানীয়দের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এলাকাবাসী ও সচেতন মহলের মতে, নির্বাচনী প্রচারণার নামে সাধারণ মানুষের ওপর এ ধরনের জবরদস্তি ও সহিংসতা এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ্য মারাত্মকভাবে নষ্ট করবে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট