
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন শাখার কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাবেদের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যর্থ করার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দোয়ারাবাজার ছাত্রলীগের একাধিক সদস্যের সঙ্গে মিলিত হয়ে তিনি আন্দোলনরত সাধারণ ছাত্রদের ওপর হামলায় জড়িত ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গত ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জুলাই-আগস্ট সময়কালের সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার পর তিনি দেশের বাইরে অবস্থান করায় তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তার বাড়িতে গেলে এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়দের একটি অংশের প্রশ্ন—জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি দেশত্যাগ করতে সক্ষম হলেন।
এ বিষয়ে সুনামগঞ্জ থানার পুলিশ জানায়, দেলোয়ার হোসেন জাবেদ দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
পুলিশ আরও জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।